চট্টলা ডেক্স:
চট্টগ্রামসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর) থেকে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সড়কে চলাচলরত ই-রিকশা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হচ্ছে না।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চলাচলরত বৈধ কিংবা অবৈধ ই-রিকশার মালিকদের এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আপাতত এসব যানবাহনের চলাচল অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সিটি করপোরেশন এলাকায় চলতে পারবে না।
সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার, বাধ্যতামূলক স্পিডোমিটার
সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে বিধিমালা প্রণয়ন করেছে বলে জানান প্রতিমন্ত্রী। বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার।
নির্ধারিত স্টেশনে চার্জ, অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ব্যবস্থা
ই-রিকশার ব্যাটারি চার্জের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত চার্জিং স্টেশন থেকেই ব্যাটারি চার্জ দিতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা বা প্রক্রিয়াজাত করা যাবে না।
দুই ও চার আসনের ই-রিকশার নিবন্ধন ফি কত?
নতুন নিয়মে যাত্রী ধারণক্ষমতার ভিত্তিতে ই-রিকশার নিবন্ধন ও বার্ষিক নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে।
ই-রিকশার ধরন এককালীন নিবন্ধন বার্ষিক নবায়ন
দুই যাত্রী ধারণক্ষমতা ৮,০০০ টাকা ৪,০০০ টাকা
চার যাত্রী ধারণক্ষমতা ১০,০০০ টাকা ৫,০০০ টাকা
জোনভিত্তিক চলাচল ও নির্দিষ্ট রং নির্ধারণ
ই-রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে জোনভিত্তিক চলাচল ব্যবস্থা চালু, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং ই-রিকশার জন্য পৃথক রং চূড়ান্ত করা।
নতুন এই নিবন্ধন ও নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হলে নগর এলাকায় ই-রিকশার চলাচল ব্যবস্থাপনা, যানবাহনের পরিচিতি এবং শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সিএক্স/রয়েল






