দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ জন শিশু। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে বান্দরবান জেলার দুজন এবং ঢাকার একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ১ হাজার ৭৫ শিশুর মধ্যে পরীক্ষায় ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৪২ হাজার ২৭৯ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৭৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সিএক্স/রয়েল





