মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে উদ্যোগে মানুষের কল্যাণ হবে, সরকার সেই কাজকেই অগ্রাধিকার দেবে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের কল্যাণকে সামনে রেখেই সরকারের কার্যক্রম পরিচালিত হবে।

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মৎস্যসম্পদ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকারি সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তির আওতায় আনার পাশাপাশি সারাদেশের দরিদ্র পরিবারের ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

সিএক্স/রয়েল