চট্টলা ডেক্স:
ঢাকা–চট্টগ্রাম রেলপথের যাত্রীদের জন্য নতুন সংযোজন হতে যাচ্ছে কক্সবাজার। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ‘মহানগর এক্সপ্রেস’ চালানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন রুটে ট্রেনটির চলাচল শুরু হতে পারে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দুই জোড়া বিরতিহীন আন্তনগর ট্রেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে ঢাকা–কক্সবাজার পথে আন্তনগর ট্রেনের সংখ্যা বেড়ে হবে তিন জোড়া বা ছয়টি। চট্টগ্রাম কক্সবাজারের দুই জোড়া ট্রেনসহ ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে মোট আন্তনগর ট্রেন দাঁড়াবে পাঁচ জোড়া।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুর রহমান নতুন রুটে মহানগর এক্সপ্রেস চালুর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি কক্সবাজার পর্যন্ত নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। অক্টোবরের শুরুতেই নতুন রুটে যাত্রা শুরু হতে পারে।
বদলাবে মহানগর এক্সপ্রেসের সময়সূচি
কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হলে মহানগর এক্সপ্রেস প্রতিদিন একবার ঢাকা থেকে কক্সবাজার যাবে এবং একবার কক্সবাজার থেকে ঢাকায় ফিরবে। এ কারণে বর্তমান সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।
প্রস্তাবিত নতুন সময়সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে ভোর ৬টায় কক্সবাজার পৌঁছাবে। আর ৭২২ নম্বর ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
ট্রেনটিতে প্রতিবার প্রায় ৭০০ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। অর্থাৎ দুই দিক মিলিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রী এই সেবার আওতায় আসতে পারেন।
পর্যটন ও সাধারণ যাত্রীদের জন্য বাড়বে সুযোগ
ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রেলপথ। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকা–কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরুর পর থেকেই এই পথে যাত্রীদের আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ১ আগস্ট চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ পরিদর্শনের সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই নতুন ট্রেন চালুর সম্ভাব্য প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেখানে যাতায়াত করেন। পর্যটকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও এই রুটে নিয়মিত চলাচল রয়েছে। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের চাহিদা বিবেচনায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই সেবা চালু হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য রেলপথে যাতায়াতের বিকল্প আরও বাড়বে। বিশেষ করে পর্যটন মৌসুমে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেও এটি ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিএক্স/রয়েল






