চট্টলা ডেক্স:
দেশে তুলনামূলক কম দামে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বাজারে ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যেই স্মার্টফোন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে কৃষকসহ নিম্নআয়ের সাধারণ মানুষের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হবে।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, কম দামের স্মার্টফোন সহজলভ্য হলে কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে। মোবাইলের মাধ্যমে কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস, কৃষিতে প্রয়োজনীয় সারের পরিমাণ এবং বিভিন্ন পণ্যের বাজারদর সম্পর্কে দ্রুত তথ্য নিতে পারবেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেওয়ার উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে ভূমিকা রাখবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হচ্ছে।
প্রান্তিক মানুষের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামোর পাশাপাশি ‘এক নাগরিক এক ওয়ালেট’ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তাঁর মতে, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারলে আর্থিক সেবার বাইরে থাকা মানুষের একটি বড় অংশকে মূলধারায় আনা সম্ভব হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ডিজিটাল অর্থনীতির কার্যকর বিকাশের জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ছাড়া প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
তিনি জানান, ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলের উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে তাদের ডিজিটাল পেমেন্ট এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনের পরিবেশ ধরে রাখার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএক্স/রয়েল






