নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত জামায়াত নেতা শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসাটি পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তিনি কক্ষটি খোলার নির্দেশ দেন। পরে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়। নিয়ম অনুযায়ী আরও ১৫ দিন আগেই এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণ করার কথা ছিল।
কী কারণে বীজগুলো সময়মতো বিতরণ করা হয়নি এবং কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাঁদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হলেও অবশিষ্ট বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজ পরে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সিএক্স/রয়েল






