পাহাড়তলীর ওরশ বাড়ি রেস্টুরেন্টের খাদ্যে নিষিদ্ধ কেওড়াজল , ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকেও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধ কেওড়াজল ও রঙ মেশানো মরিচ ব্যবহারের অভিযোগে ওরশ বাড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে জাবেদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ নগরের পাহাড়তলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট আইনের লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফয়েজ উল্লাহ আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিএক্স/রয়েল