চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন, প্রজ্ঞাপন জারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার আওতায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন।

এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।

নির্বাচনী মামলা থেকে প্রশাসকের দায়িত্বে 

ডা. শাহাদাত হোসেনের চসিকের দায়িত্বে আসার পেছনে রয়েছে নির্বাচনী মামলা ও আদালতের রায়সংক্রান্ত ঘটনা। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন তিনি।

পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন বলে সূত্র জানিয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্বে তাঁর অবস্থান নির্ধারিত হলো। তবে করপোরেশন গঠন এবং পরবর্তী সরকারি নির্দেশনার ওপর নির্ভর করবে এ দায়িত্বের মেয়াদ।

সিএক্স/রয়েল