দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সিএমপির সমন্বয় সভা, ১৬ থানার পূজা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও যানবাহন ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী।

সভায় নগরীর বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

পূজা চলাকালে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা এবং মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়। সভায় অংশ নেওয়া বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় করণীয় তুলে ধরেন।

প্রতিনিধিদের বক্তব্য ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন সিএমপি কমিশনার। পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং নগরীর ১৬ থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পী দে, শ্রী শ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বাবলু চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রয়েল কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সেনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরবাসী যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ, পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিএক্স/রয়েল