নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এ সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। এতে জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মোঃ সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ও ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের নিরাপত্তা, সিসি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ সরবরাহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, পূজাকেন্দ্রিক যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে কার্যকর যোগাযোগ থাকা প্রয়োজন। ছোটখাটো কোনো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বড় ধরনের পরিস্থিতিতে রূপ না নেয়, সে বিষয়ে শুরু থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণার বিষয়ে বিশেষ সতর্ক থাকার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়।
কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সন্দেহজনক কোনো পোস্ট, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব
পূজামণ্ডপে নারী ভক্তদের নিরাপত্তা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। নারী ও শিশুদের কোনো সমস্যা বা হয়রানির ঘটনা নজরে এলে দ্রুত তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা এবং মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।
সম্প্রীতি রক্ষায় স্থানীয় পর্যায়ে সমন্বয়ের পরামর্শ
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় মসজিদের ইমাম ও ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পূজা কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা অনুসরণ এবং মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সংবেদনশীলতা বজায় রাখার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।
‘আইন নিজের হাতে নয়’ পুলিশের আহ্বান
সভায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে না তুলে দ্রুত পুলিশকে জানানো এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
তাদের বক্তব্য ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
সিএক্স/রয়েল






