সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক

ভারী বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু-সাজেক সড়ক। সাজেক ইউনিয়ন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হলেও সড়কপথে খাগড়াছড়ি হয়ে যেতে হয় পর্যটকদের। বুধবার সকালে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কের মাচালং, বাঘাইহাটসহ বেশ কিছু এলাকা পানিতে ডুবে যাওয়ায় সাজেকে অবস্থানরত ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার বিকালে সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে আটকে পড়া পর্যটকরা এর আগেই সেখানে যান। আজ তাদের ফেরার কথা থাকলেও সড়ক ডুবে যাওয়ায় ফিরতে পারেননি।

সাজেক থানা পুলিশ জানিয়েছে, আটকে পড়া পর্যটকের সংখ্যা সাড়ে চার শর মতো। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত সাড়ে ৪৫১ জন পর্যটকের আটকে পড়ার খবর পেয়েছি আমরা। পর্যটকদের সহায়তা দিতে কাজ করছে পুলিশ।’