তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত; মহাসচিবের পদ ছাড়লেন ফখরুল, ইসিতে জমা হচ্ছে মনোনয়ন
চট্টলা এক্সপ্রেস ডেক্স:
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা অনুমোদন করেন।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানান।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পাশাপাশি বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রপতি প্রার্থী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ রাজনৈতিক সময়ে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনকে কেন্দ্র করে একাধিকবার কারাবরণ করেন মির্জা ফখরুল। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মির্জা ফখরুল একজন অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ও সংলাপমুখী নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান।
সংসদ সদস্য থেকে মন্ত্রিসভায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাওয়ার সম্ভাবনার নতুন অধ্যায় শুরু হলো তার রাজনৈতিক জীবনে।
দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পর এবার রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মহাসচিবের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
সিএক্স/রয়েল






