স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, মনোনয়ন জমার শেষ দিনেই প্রার্থী দেবে বিএনপি
চট্টলা এক্সপ্রেস ডেক্স:
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সকালে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
বুধবার রাতে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত পাওয়ার পর বিষয়টি জানানো হবে।
এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ফলে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পরই রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ্যে আসতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের পরই মিলবে সেই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর।
সিএক্স/রয়েল





