নিউজ ডেস্ক | চট্টলা এক্সপ্রেস
নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীর পাশাপাশি তার নিয়োগ করা নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্যও নির্ধারিত ফরমে উল্লেখ করতে হবে।
এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে। এ বিষয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়।
হলফনামাতেও পরিবর্তন
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের পাশাপাশি প্রার্থীর হলফনামা সংক্রান্ত কিছু বিধানেও পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধিমালায় হলফনামার সংযুক্তি-১-এর ৩(খ) ধারার ‘বিশেষ দ্রষ্টব্য’ অংশে পরিবর্তন করা হয়েছে। আগে নির্দিষ্ট কিছু তথ্য হলফনামার সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল। নতুন বিধানে সেই তথ্য ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া হলফনামার সংযুক্তি-১-এর ৩(গ) ধারায় ‘অভিযুক্ত’ শব্দটির একটি নির্দিষ্ট ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করলে তাকে ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করা হবে।
স্বামী-স্ত্রী ও নির্ভরশীলদের আয়কর তথ্য ঐচ্ছিক
প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধিমালার ১০ নম্বর ক্রমের ‘বিশেষ দ্রষ্টব্য’ অংশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ছকের ২, ৩ ও ৪ নম্বরে থাকা স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
১২০ নির্বাচনী প্রতীক, স্থগিত ‘নৌকা’
নির্বাচনী প্রতীকের ক্ষেত্রেও সংশোধন এনেছে ইসি। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতীক বরাদ্দ করা যাবে। তবে স্থগিত কোনো প্রতীক বরাদ্দের আওতায় থাকবে না।
সংশোধিত গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীক রাখা হয়েছে। তালিকার ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকটি স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব পরিবর্তন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়েছে।
সিএক্স/রয়েল






