নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই আদেশে খুলশী থানার বর্তমান ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এসব বদলির তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আদেশে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ১ মাস ১০ দিনের মধ্যেই আবদুর রহিমকে বদলি করা হলো। দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা ও সমালোচনার মধ্যে ছিলেন।
নতুন এই রদবদলের ফলে আকবরশাহ ও খুলশী দুই থানাতেই ওসি পদে পরিবর্তন এসেছে। একই সঙ্গে সিটিএসবিতেও নতুন দায়িত্ব পেয়েছেন খুলশী থানার বিদায়ী ওসি আবদুর রহিম।
সিএক্স/রয়েল






