অফিসে কর্মকর্তা নেই, হাজিরা খাতায় আগাম স্বাক্ষর—নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

চট্টলা এক্সপ্রেস ডেস্ক:

সকাল ৯ টায় সরকারি কর্মঘণ্টা শুরু হলেও নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি এবং আগাম হাজিরা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সরকারি সেবায় গাফিলতি কিংবা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকালে আকস্মিকভাবে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের শুরুতেই নির্ধারিত সময়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণকে যথাযথ সেবা দিতে হলে কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

এ সময় তিনি সরকারি দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন। পাশাপাশি কর্মস্থলে উপস্থিত হওয়ার আগেই হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগের বিষয়েও ক্ষোভ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত না থেকেও যদি হাজিরা নিশ্চিত করেন, সেটি অত্যন্ত গুরুতর অনিয়ম। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া, এটি কোনো অনুগ্রহ নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার বিষয়ও উঠে আসে। বিশেষ করে কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল শাস্তির মাধ্যমে সরকারি সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া সম্ভব নয়। এর জন্য কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গি ও দায়িত্ব পালনের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনাও জরুরি।

পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমে সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দেন ভূমি প্রতিমন্ত্রী।

সিএক্স/রয়েল