চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখতে পায়। পরে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গ্যাসের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিএক্স/রয়েল






