পটিয়ায় ধলঘাটে ঘুমন্ত পরিবারের ঘরে চুরি, উধাও স্বর্ণালংকার ও নগদ টাকা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরে চুরির এক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে ঘর থেকে মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে। চোরেরা ঘরের খাটের নিচে লুকিয়ে ছিল বলে ধারণা করছেন ভুক্তভোগী গৃহকর্তা।

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকায় মো. হাসানুজ্জামান খানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গভীর রাতে ঘুমিয়ে পড়ে পরিবার

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শনিবার রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার ভোর আনুমানিক ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান গৃহকর্তা। পরে নিজের মুঠোফোন খুঁজতে গিয়ে ঘরে চুরির বিষয়টি তাঁর নজরে আসে।

হাসানুজ্জামান খানের ধারণা, চোরেরা সন্ধ্যার পর কিংবা রাতের কোনো একসময় কৌশলে ঘরের খাটের নিচে লুকিয়ে ছিল। পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগে তারা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তবে চোরেরা ঠিক কখন ঘরে প্রবেশ করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা 

পটিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুরির ঘটনায় দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, প্রায় ৩০ আনা ওজনের স্বর্ণের হার এবং নগদ ১ লাখ ৪ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া গেছে।

ভুক্তভোগী জানান, শনিবার রাত ২টার দিকে বিদেশ থেকে তাঁর এক জামাতা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোনটি বন্ধ পান। এ তথ্যের ভিত্তিতে তাঁর ধারণা, রাত সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

ঘরের ভেতর থেকে এভাবে মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

অভিযোগ তদন্ত করছে পুলিশ

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সিএক্স/রয়েল