দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে তিন বছরের জন্য নিয়োগ, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। তাকে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত আদেশটি স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে জারি করা হয়।
সরকারি আদেশ অনুযায়ী, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
ইদ্রিস মিয়া বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান হিসেবে তার নতুন দায়িত্বের আওতায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে।
নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইদ্রিস মিয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন। তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং নাগরিকসেবা ব্যবস্থাপনায় চট্টগ্রাম ওয়াসা গুরুত্বপূর্ণ একটি সরকারি সংস্থা। নতুন চেয়ারম্যানের মেয়াদে এসব সেবার পরিচালনা, বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং নাগরিক প্রত্যাশা পূরণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
সিএক্স/রয়েল






