‘৭১-এর পরাজিত শক্তি ও ২৪-এর পলাতক গোষ্ঠীর’ ষড়যন্ত্র সফল হবে না: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি কিংবা দেশের বাইরে বসে নানা অপতৎপরতার মাধ্যমে বাংলাদেশে সরকার পতনের যে কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই কাটিরহাট বাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মীর হেলাল অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি নিজেদের পরিবার-পরিজন নিয়ে নিরাপদে থেকে দেশের দরিদ্র ও অসহায় তরুণদের বিভিন্নভাবে প্রভাবিত করছেন। সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে তাদের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সেসব কর্মকাণ্ডের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

হাটহাজারীতে প্রতিহিংসার রাজনীতি চান না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান যেন অযথা হয়রানির শিকার না হন। যারা অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনে সহযোগিতা করার সুযোগ রয়েছে। তবে পলাতক ও পরাজিত রাজনৈতিক শক্তির পেছনে থেকে কেউ কোনো সুফল পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা শুরু হয়েছে দাবি করে মীর হেলাল বলেন, মহান আল্লাহ ছাড়া কোনো শক্তির পক্ষেই এ অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে একাত্তরের পরাজিত শক্তির বক্তব্যের মিল রয়েছে। তাদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের চাপ ও অর্থনৈতিক সংকট কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ চলছে। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মীর হেলালের অভিযোগ, এমন একটি সময়ে ‘৭১-এর পরাজিত শক্তি ও ২৪-এর পলাতক গোষ্ঠী’ এক হয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তার দাবি, দরিদ্র ও অসহায় যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ভোররাতে ঝটিকা মিছিল করানো হচ্ছে। পরে এসব কর্মসূচির ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

এ ধরনের অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, প্রতিটি এলাকাকে অপরাধী, পলাতক ও অরাজকতা সৃষ্টিকারীদের প্রভাবমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বার।

সমাবেশে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিএক্স/রয়েল