ভারত থেকে আমদানি শুরু, ৪০০ টাকার কাঁচামরিচ নামল ৮০ টাকায়

চট্টলা এক্সপ্রেস ডেক্স:  দেশের বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় পাইকারি বাজারে এর দাম দ্রুত কমে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে।

হিলি স্থলবন্দর সূত্র জানায়, গত ৩ আগস্ট প্রথম দিনে ৪টি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। পরদিন ৪ আগস্ট ১২টি ট্রাকে আসে ৭৫ টন ৫২০ কেজি এবং ৬ আগস্ট ৮টি ট্রাকে আরও ৬২ টন ৬৮০ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়।

আমদানি শুরুর প্রথম দিন বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা দরে বিক্রি হলেও পরবর্তী সময়ে তা কমে ১৪০ টাকায় নেমে আসে। বর্তমানে মানভেদে পাইকারি বাজারে কাঁচামরিচ কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও দাম ১১০ টাকা পর্যন্ত রয়েছে।

পাইকার আব্দুর রাজ্জাক বলেন, আমদানির প্রথম দিকে সরবরাহ কম থাকায় তুলনামূলক বেশি দামে কাঁচামরিচ কিনতে হয়েছে। তবে এখন আমদানি বাড়ায় সরবরাহও বেড়েছে। ফলে কম দামে মরিচ কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠানো সম্ভব হচ্ছে। এতে ভোক্তারাও আগের তুলনায় কম দামে কাঁচামরিচ কিনতে পারছেন।

আমদানিকারক নাহিদ হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। এতে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠে যায়। তবে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে এবং দামও কমে এসেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দামের কারণে সরকার গত রোববার ভারত থেকে এটি আমদানির অনুমতি দেয়। এর পর দীর্ঘ সাড়ে আট মাসের বিরতির পর গত সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।

সিএক্স/রয়েল