চান্দগাঁওয়ে অপহরণের ৬ ঘণ্টায় শিশু উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অপহরণের প্রায় ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়ার এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে শিশুটির পরিবার চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বাসা থেকে কৌশলে শিশুটিকে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক কিশোর। পরে অভিযোগ ওঠে, দিলোআরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগসাজশে শিশুটিকে অপহরণ করা হয়।

ঘটনার পর শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

মামলার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে এসআরবি। সংস্থাটির একটি দল ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে নগরীর লালখান বাজার এলাকা থেকে আমির হোসেনকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আমির হোসেন দাবি করেন, তার মামা-মামি দিলোআরা বেগম ও মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে অর্থের বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

পরে আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নগরীর স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলোআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি এবং হেফাজতে নেওয়া কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএক্স/রয়েল