“সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন আটক”

পর্দায় নায়ক হত্যার অভিনয়, এবার বাস্তবের হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ও বিতর্ক চলে আসছে। সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘদিন পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার আকস্মিক মৃত্যু গোটা চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সালমান শাহর মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, তার ছেলেকে হত্যা করা হলেও মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যার প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সিএক্স/রয়েল