নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
শর্টসার্কিট থেকে আগুন, ছড়িয়ে পড়ে দ্রুত
প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে অল্প সময়ের মধ্যে রিসোর্টের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাঠের তৈরি রিসোর্ট, ছিল ৯টি কক্ষ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ দিয়ে নির্মিত রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। আগুনের ঘটনায় প্রাণহানির পাশাপাশি স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিনিরাপত্তার অনুমোদন ছিল না, জুনে দেওয়া হয়েছিল নোটিশ
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত লাইসেন্স বা ছাড়পত্র ছিল না। এ বিষয়ে গত জুন মাসেও রিসোর্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
মহাপরিচালকের ভাষ্য, মেরিন ড্রাইভ এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে। টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরির ব্যবস্থা ছিল। সেখানে দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অগ্নিনিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর পর্যটন এলাকার রিসোর্টগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বৈধ অনুমোদন এবং নিয়মিত তদারকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণের বিষয়গুলো স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
সিএক্স/রয়েল





