‘সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবে সরকার, দুর্গোৎসবের নবমীতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী’: এরশাদ উল্লাহ

নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তার আশ্বাস, মন্দির উন্নয়নেও সহযোগিতার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কেএস পার্কে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজার ছুটি বৃদ্ধি, পূজাকে নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে বিএনপি ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এবং দুর্গাপূজায় সরকারি বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মোহরার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের উন্নয়নকাজে আরও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

এরশাদ উল্লাহ জানান, জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করতে শারদীয় দুর্গোৎসবের নবমীতে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন।

অনুষ্ঠানের শুরুতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা অর্পিতা দাশের গীতা পাঠের মধ্য দিয়ে ধর্মীয় পর্বের সূচনা হয়। পরে দীপা শীল নৃত্য পরিবেশন করেন। প্রধান অতিথি আলহাজ এরশাদ উল্লাহকে উলুধ্বনি ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব বাপ্পী দের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েল কুমার পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক উপজাতীয় বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝুন্টু কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মোহরা ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আজম, মোহরা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইকবালুর রহমান চৌধুরী, চান্দগাঁও থানা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক জানে আলম জিকু ও বঙ্কিম চন্দ্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. লিটন আচার্য্য, মন্দিরের ধর্ম বিষয়ক সম্পাদক পন্ডিত ধীমান ভট্টাচার্য্য,
যুগ্ম সম্পাদক স্বপন দাশ, অর্থ সম্পাদক রূম্পা দাশ, প্রচার সম্পাদক স্মৃতি দে প্রিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সেবায়েত শিখা রাণী দাশ, সহসভাপতি টিটু দত্ত, সাধারণ সম্পাদক রাজীব দাশ, সহ-অর্থ সম্পাদক সুরভী দাশ, সহসাংগঠনিক সম্পাদক রেখা দাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিবেশনা ও উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।

সিএক্স/রয়েল