নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপু (২৫) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৭। মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার ইলিয়াস হোসেন ওরফে অপু নগরের পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত অপু বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারের পর সিডিএমএসে তথ্য যাচাই করে অপুর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অপুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএক্স/রয়েল






