কোতোয়ালীতে নাজমুন নূরের স্থলাভিষিক্ত জাহেদুল কবির, বদলে গেল সিএমপির আরও দুই থানার ওসি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকলিয়া থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবির।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষর করা পৃথক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলম।

অন্যদিকে ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপির এই রদবদলের মধ্যেই আলোচনায় এসেছে কোতোয়ালী থানার ওসি পরিবর্তনের বিষয়টি। এর মাত্র একদিন আগে, সোমবার (২১ সেপ্টেম্বর), কোতোয়ালী থানার তৎকালীন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। পরদিনই ওই থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

সিএমপি সূত্র জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতেই জনস্বার্থে এ পরিবর্তন আনা হয়েছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানিয়েছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নের আদেশ দ্রুত কার্যকর করা হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ থানায় দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নাগরিক সেবা কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, সেটিই এখন সংশ্লিষ্ট মহলের নজরে থাকবে।

সিএক্স/রয়েল