হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরসূচি চূড়ান্ত; ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নবনির্মিত ঘর হস্তান্তরের কর্মসূচি।
চট্টলা এক্সপ্রেস ডেস্ক:
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, নির্ধারিত সফরে প্রধানমন্ত্রী দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর গৃহহারা পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। বন্যাকবলিত এলাকায় পুনর্বাসনের জন্য নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফরের অংশ হিসেবে পশ্চিম বাঁশখালী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেওয়ার কথা রয়েছে। সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য সম্ভাব্য স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজও চলছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে তাকে এবং দলের সদস্য সচিবকে বৈঠকে ডাকা হয়েছে বলেও তিনি জানান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়ার পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সিএক্স/রয়েল






