আগের বিজ্ঞপ্তিতে ‘আইনগত ব্যবস্থা’র উল্লেখ থাকলেও সংশোধিত বিজ্ঞপ্তিতে দায়িত্বশীল আচরণের আহ্বান, অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করার অনুরোধ।
চট্টলা এক্সপ্রেস ডেস্ক:
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জারি করা আগের বিজ্ঞপ্তি সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন বিজ্ঞপ্তিতে ‘কঠোর আইনগত ব্যবস্থা’ নেওয়ার ভাষা বাদ দিয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রথমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে প্রায় ৪৫ মিনিটের মধ্যে সেই বিজ্ঞপ্তির সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিভাগটির দাবি, এ ধরনের অভিযোগের বেশিরভাগই সংশ্লিষ্ট বিতরণ সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
এতে আরও উল্লেখ করা হয়েছিল, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল।
তবে পরে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশটি বাদ দেওয়া হয়। এর পরিবর্তে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ পুনরায় জানায়, কোনো গ্রাহকের বিল নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএক্স/রয়েল





