বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দেন তিনি।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার ও জীবনযাত্রার পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পুনর্বাসন কার্যক্রমের আওতায় নির্মিত নতুন ঘরের চাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের নেওয়া কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীতে নতুন ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সরেজমিনে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন ও ঘরের চাবি হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী সেখানে একটি মেহগনি গাছের চারাও রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

গত মাসের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যার পানিতে শত শত পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় ও মাছের ঘেরও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

 

 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের অংশ হিসেবে সরকারের উদ্যোগে নতুন ঘর নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

সিএক্স/রয়েল