নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক পরিচয় ব্যবহার করে দলীয় নাম ভাঙিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মো. মোমিনুল হক হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আসিফ মিজানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মোমিনুল হকের বিরুদ্ধে সাংগঠনিক পরিচয় ও দলের নাম ব্যবহার করে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টাসহ দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোমিনুল হককে সংগঠনের পদ থেকে অব্যাহতির পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন তালুকদার এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিএক্স/রয়েল






